বেলা ১২ থেকে ৩টা পর্যন্ত শ্রমিকদের কাজ করতে বাধ্য করা যাবে না: সৌদি আরব

আগের বছরগুলোর মতো এ বছরও সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দেশটিতে কাজ করা শ্রমিকদের জন্য নতুন কর্মঘন্টা নির্ধারণের আদেশ দেওয়া হয়েছে। সরাসরি সূর্যের নিচে কাজ করতে হয় এমন শ্রমিকদের বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা যাবে না। নিয়োগকর্তাদের ওই বাধ্যবাধকতা মেনে শ্রমিকদের জন্য নতুন কর্মঘন্টা নির্ধারণ করে নিতে হবে। এই আদেশ অমান্য করলে ফোন নম্বরে যোগাযোগ করে বা অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে সংবাদমাধ্যম রিয়াদ ডেইলি জানিয়েছে, ওই সময়ে কিছু এলাকার তাপমাত্রা সহনশীল থাকায় সেগুলোকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৭ সালের জুলাই মাসে সৌদি আরবের মধ্য ও পূর্বাঞ্চলের তাপমাত্রা ৫৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।5899270e-8e40-4b0e-a287-a45353e27a8b_16x9_788x442

গত শনিবার (২ জুন) সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রাজকীয় ফরমান বলে সাবেক শ্রমমন্ত্রী আলি বিন নাসের আল ঘাফিসকে সরিয়ে তার স্থানে ব্যবসায়ী আহমেদ বিন সুলেইমান আল রাজিকে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। শ্রম মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া আল রাজি সৌদি চেম্বার অফ কমার্সের সভাপতিও।

চরম তাপমাত্রায় শ্রমিকদের কাজ না করানোর আদেশ দেওয়া সৌদি শ্রম মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ জুন ২০১৮ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত পরিবর্তিত কর্মঘন্টার ওই আদেশ কার্যকর থাকবে। শ্রম মন্ত্রণালয়ের ভাষ্য, তারা বেসরকারি খাতের শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্যসুরক্ষা এবং কর্ম পরিবেশের মানোন্নয়নে ওই আদেশ দিয়েছে। কোনও নিয়োগকর্তা আদেশের ব্যত্যয় ঘটালে ১৯৯১১ নম্বরে ফোন করে অথবা ‘টুগেদার মনিটরিং’ নামের অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।