গাজা উপত্যকায় দলখবিরোধী বিক্ষোভে ইসরায়েলি গুলিতে নিহত তিন ফিলিস্তিনির শেষ বিদায়ে হাজারো মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার নিহত তিনজনকে দাফন করা হয়। এর আগের দিন ইসরায়েলি গুলিতে তারা নিহত হয়েছিলেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে।
নিহত তিন ফিলিস্তিনি হলে চিকিৎসাকর্মী আব্দুল্লাহ আল-কুতাতি (২২), আলী আল-আলাউল (৫৫) এবং আহমেদ আবু লৌলি (৪০)। এদের মধ্যে রাফা শহরের দক্ষিণে দাফন করা হয় আল-কুতাতিকে। বাকি দুজনকেও রাফায় দাফন করা হয়েছে।
দাফনে যোগ দেওয়া ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। দফায় দফায় হামলা ও পাল্টা হামলার পর অস্ত্রবিরতিতে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন ও গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস ও ইসরায়েল সম্মত হওয়ার পর শুক্রবারের হামলায় তিন জন নিহত হয়। সর্বশেষ বৃহস্পতিবার (৯ আগস্ট) দুই পক্ষের মধ্যে অস্ত্রবিরতির সমঝোতা হয়।
এর আগে গাজা উপত্যকায় বুধবার (৮ আগস্ট) ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার এক শিশু সন্তানসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
২০১৪ সালের পর এ বছর গাজায় ফিলিস্তিনি-ইসরায়েলের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা দেখা দেয়। সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা চরমে পৌঁছে। এ বছর মার্চ মাসে গ্রেট মার্চ অব রিটার্ন আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৬০ জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার। গাজা উপত্যকায় ১১ বছর ধরে ইসরায়েলের আরোপিত অবরোধ প্রত্যাহার এবং জেরুজালেমে দখলকৃত ভূমিতে ফিরে যাওয়ার দাবিতে ফিলিস্তিনিরা বিক্ষোভ করছেন।