সৌদি আরবে হজে অংশগ্রহণকারী প্রায় বিশ লাখের বেশি হাজি ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে। মঙ্গলবার মক্কার হারাম শরিফ সকাল ৬টা ২৫ এবং মদিনার মসজিদে নবাবী ৬টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে সৌদি আরবে ঈদুল আজহা উদযাপনও শুরু হয়েছে।
মসজিদে নববীতে ড. সালাহ আল বুদায়ের এবং মক্কা হারাম শরিফে ড. ফায়সাল আল গাজাভি ঈদের নামাজ পড়ান এবং খুতবা দেন।
সোমবার মসজিদে নববীর ইমাম শেখ হুসেইন বিন আব্দেলআজিজ আল আল-শেখ হাজিদের উদ্দেশে হজের খুতবায় বলেন, সম্মানজনক আচরণ ও ভালো চরিত্র ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহর সব নবী মানবতার প্রতি আহ্বান জানিয়েছেন এবং এটাকে সফলতার পথ বলে বিশ্বাস করেছেন। আপনাদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও গুরুত্ব দিন। পবিত্র কোরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করুন।
হজে অংশ নেওয়া মুসল্লিরা নামাজ শেষে মিনায় ফিরে গিয়ে সেখানে শয়তানকে পাথর নিক্ষেপ ও কোরবানি দেবেন। মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ শেষে আবার মিনায় যাবেন। সবশেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন।