ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে হামাসের কোনও চুক্তিকে সমর্থন করবেন না তিনি। এমন এক সসময় ইসরায়েলের পক্ষ থেকে এই ঘোষণা এলো, যখন হামাস ও ইসরায়েলের মধ্যে একটি স্থায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে আলোচিত একটি বিষয়। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, মিসর গাজা ও ইসরায়েলের মধ্যে একটি স্থায়ী অস্ত্র বিরতি চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল।
হামাসের সঙ্গে অস্ত্র বিরতি চুক্তির বিষয়ে লিবারম্যান মন্তব্য করেছেন, ‘আমি এ ধরণের কোনও বিষয়ের সঙ্গে জড়িত নই। হামাস এমন একটি সন্ত্রাসী সংগঠন যারা ইসরায়েলের ধ্বংস সাধনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের মধ্যে আলোচনার কিছু নেই। সম্প্রতি আমরা দেখেছি, গাজা ও ইসরায়েলের মধ্যে থাকা বাফার জোনে যা হচ্ছে তার পুরো নিয়ন্ত্রণ রয়েছে রয়েছে হামাসের হাতে।’
অস্ত্র বিরতির প্রস্তাব নাকচ করেই ক্ষান্ত হননি লিবারম্যান। তিনি আরও বলেছেন, ‘আমরা যদি দেখি সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই তাহলে আমরা সেভাবেই প্রস্তুতি নেব।’ অবরুদ্ধ গাজার সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে তার ভাষ্য, যদি সীমান্ত শান্ত থাকে তাহলে কেরেম শালোম সীমান্ত খুলে দেয়া হবে। আর তা না হলে বন্ধ থাকবে।
মিডিল ইস্ট মনিটর লিখেছে, ফিলিস্তিনিরা গত ৩০ মার্চ থেকে ইসরায়েল সীমান্তে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে আসছে। নাকনবা নামে পরিচিত ওই প্রতিবাদ সমাবেশের উদ্দেশ্য ইসরায়েলে থাকা তাদের পূর্ব পুরুষদের বাড়ি ফেরত পাওয়া এবং ১১ বছর ধরে গাজাকে অবরুদ্ধ করে রাখার প্রক্রিয়ার অবসান ঘটানো। ইসরায়েলি সেনাবাহিনী এই আন্দোলন দমন করতে এখন পর্যন্ত ১৭০ জনকে হত্যা করেছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন অন্তত এক হাজার ৭০০ জন।