ট্রাম্পের ভাষণে হাসাহাসি যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্নতার ইঙ্গিত: ইরানের সেনাপ্রধান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হাসাহাসির ঘটনাকে যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্নতার ইঙ্গিত বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী প্রধান। বুধবার ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি এই মন্তব্য করেন। ইরানি ফার্স নিউজের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

212593_073220_updates

 

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প যখন তার প্রশাসনের অসামান্য অর্জনের কথা বলছিলেন তখন কয়েকজন প্রতিনিধি হেসে ওঠেন এবং অনুচ্চ স্বরে কথা বলতে থাকেন। এই ঘটনার পর ইরানের সেনাপ্রধান মন্তব্যটি করেছেন।

মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি বলেন, আপনারা তাদের হাসি দেখেছেন ও শুনেছেন। এই বিদ্রুপের মূল বার্তা হলো যুক্তরাষ্ট্রের ভিত্তি দুর্বল হচ্ছে এবং বিচ্ছিন্নতা বাড়ছে। এটা ছিল বড় ধরনের রাজনৈতিক কলঙ্ক।

ইরানি সেনাপ্রধান বলেন, আপনি (ট্রাম্প) নিশ্চিত থাকুন ইরান ও এই অঞ্চলের জনগণ আপনার ভুয়া ও হাস্যকর অভিযোগ শুনে হাসছে। কিন্তু আপনি এতদূর থেকে এই হাসি শুনতে পারছেন না।

পৃথক এক টুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অপমান করেছে এবং আরও বিচ্ছিন্ন করেছে।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার পর উভয় দেশের মধ্যে কথাযুদ্ধ চলছে।