খাশোগির কনস্যুলেট ছাড়ার প্রমাণ দিন: সৌদি আরবের প্রতি এরদোয়ান

তুরস্কের ইস্তানবুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনে প্রবেশের পর সৌদি নাগরিক জামাল খাশোগির নিখোঁজ রহস্য নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে, খাশোগির কনস্যুলেটে ছেড়ে যাওয়ার প্রমাণ দেওয়ার জন্য সৌদি আরবকে আহ্বান জানিয়েছেন।

skynews-erdogan-jamal-khashoggi_4447458

মঙ্গলবার কনস্যুলেটে প্রবেশের পর আর দেখা যায়নি সৌদি আরব থেকে নির্বাসিত হয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সাংবাদিক জামাল খাশোগিকে। তিনি সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার নেতৃত্বে শুরু হওয়া সংস্কার কর্মসূচির কঠোর সমালোচক ছিলেন।

এরদোয়ান বলেন, তিনি ভবন ছেড়ে গেছেন বলে পার পাবেন না কনস্যুলেট কর্মীরা। যদি তিনি বের হয়ে যান তাহলে ফুটেজ দিয়ে তা প্রমাণ করুন।

তুরস্কের সম্প্রচার মাধ্যম এনটিভি জানিয়েছে, কনস্যুলেট ভবনে অনুস্ধান চালানোর অনুমতি চেয়েছেন তুরস্কের গোয়েন্দারা।

রবিবার তুর্কি কর্মকর্তারা জানান, তদন্তকারীদের নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যার। তাদের দাবি, গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে তুর্কি কর্মকর্তারা কোনও প্রমাণ হাজির করেননি।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে বলেছিলেন, তুর্কি কর্মকর্তারা চাইলে কনস্যুলেট ভবনে তল্লাশি চালাতে পারে। কারণ তাদের লুকানোর কিছু নেই।
এর আগে এরদোয়ান বলেছিলেন, তিনি এখনও আশাবাদী এবং তদন্তের ফলের অপেক্ষায় রয়েছেন।