ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে অন্তত ১৩০ জন ফিলিস্তিনি বিক্ষোভকারী আহত হয়েছেন। আহত বিক্ষোভকারীরা শুক্রবার গ্রেট মার্চ অব রিটার্ন কর্মসূচি পালন করছিলেন। ফিলিস্তিনি মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, আহতদের মধ্যে ২৫ শিশু, ৩ প্যারামেডিকস ও ১ জন সাংবাদিক রয়েছেন। আহত হয়েছেন ৭০ বছরের এক বৃদ্ধ নারী। এছাড়া গুলিবিদ্ধ গুরুতর আহত দুজনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
স্থানীয় নিরাপত্তা সূত্র জানায়, গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বোমা হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই বছরের ২০ মার্চ গ্রেট মার্চ অব রিটার্ন নামের বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার পর এ পর্যন্ত ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি গুলিতে। আহত হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ।
১৯৪৮ সালে ইসরায়েলের দখল অভিযানের প্রতিবাদে প্রতি বছর নাকবা কর্মসূচি পালন করে ফিলিস্তিনিরা। এবারের নাকবা দিবসের বিক্ষোভ গ্রেট মার্চ অব রিটার্ন নামে শুরু হয়। নিজেদের ভূখণ্ডে ফেরত ও গাজা উপত্যকায় ১২ বছর ধরে চলমান অবরোধ অবসানের দাবিতে এবারের বিক্ষোভ পালিত হচ্ছে।