হুডিজের বিজ্ঞাপন নিয়ে বিতর্কে ইসরায়েলের শীর্ষ মডেল

মুখে থাকা পর্দা ছুঁড়ে ফেলে দিয়ে ‘ফ্রিডম ইজ বেসিক’ স্লোগানের এক বিজ্ঞাপনে হাজির হয়েছেন ইসরায়েলের এক শীর্ষ মডেল। আর এতে তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিজ্ঞাপনের ভিডিওতে দেখা গেছে, বার রাফায়েলি নামের ওই মডেলের কালো নেকাবে ঢাকা মুখের ওপর ক্যামেরা জুম করা অবস্থায় হিব্রু ভাষায় লেখা ওঠে ‘ইরান কি এখানে? গত সোমবার পোশাকের ইসরায়েলি ব্রান্ড হুডিজের এই বিজ্ঞাপনের ভিডিও অনলাইনে পোস্ট করার পর শুরু হয় বিতর্ক। সমালোচনার মুখে ইরানবিষয়ক লাইনটি সরিয়ে নিয়ে আরও কয়েকটি সংস্করণ প্রকাশ করেছে হুডিজ। তবে তাতে থামছে না সমালোচনা।Untitled

হুডিজের ওই বিজ্ঞাপন সোমবার অনলাইনে পোস্ট করা হয়। আর এর মধ্যে ইউটিউবে তা দেখা হয়েছে এক লাখ ৬০ হাজার বার। ফেসবুকে ওই বিজ্ঞাপনের সঙ্গে হুডিজ কিছু টেক্সট শেয়ার করে যাতে মানুষের কাছে প্রশ্ন রাখা হয়, তারা তাদের তাদের স্বাধীনতার প্রতি হুমকি অনুভব করছে কি না।

অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সাবেক মেয়ে বন্ধু ৩৩ বছর বয়সী রাফায়েলি বিশ্বেজুড়ে সুপরিচিত মডেল। ২০১৫ সালে তিনি ইসরায়েলি ধনকুবের আদি এজরাকে বিয়ে করেন। রাফায়েলির এই বিজ্ঞাপন অনলাইনে ইসলামবিদ্বেষী ও ইরানবিরোধী হিসেবে সমালোচিত হচ্ছে। রাফায়েলি যে ধরণের নেকাব পরেছেন ইরানে সে ধরণের নেকাব কম দেখা যায়। আইন অনুযায়ী ইরানের নারীদের মাথা ঢাকার বিধান রয়েছে। তবে লাখ লাখ নারী তা অগ্রাহ্য করেন।

সমালোচনার মুখে বিজ্ঞাপনটির আরেকটি সংস্করণ প্রকাশ করে হুডিজ। তাতে অন্য নারী মডেলের করা বিজ্ঞাপনে ইরান প্রসঙ্গে লেখা মন্তব্যটি সরিয়ে দেওয়া হয়। পরের সংস্করণের বিজ্ঞাপনগুলিতে ট্রান্সজেন্ডার মডেল স্টাভ স্ট্রাসখো  ও একজন ইথিওপিয়ান-ইসরায়েলি মডেলকেও নেকাব ছুঁড়ে ফেলতে দেখা যায়। আরেকটি সংস্করণে মডেলকে হিজাবের সঙ্গে হুডির স্পোর্টসওয়্যার পরে থাকা অবস্থায় উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞাপন চিত্রে তাকে হিজাব খুলে ফেলতে দেখা যায়নি।

একজন মন্তব্যকারী লিখেছেন, আপনাদের স্বাধীনতার ধারণা আমার ধারণার সঙ্গে মেলে না। হিজাবেই আমি স্বাধীন। আমি ‘পরিপূর্ণ’ পোশাক পরি এই কারণে নয় যে আমাকে তা পরতে বাধ্য করা হয়েছে।