আলেপ্পোয় বেসামরিকদের ওপর গ্যাস হামলা চালিয়েছে বিদ্রোহীরা: সিরিয়া

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোতে গ্যাস হামলায় আক্রান্ত হয়ে অন্তত ৫০ জন বেসামরিক নাগরিক চিকিৎসা নিচ্ছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এই রাসায়নিক হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

1761

খবরে বলা হয়েছে, শনিবার আক্রান্তদের বেশিরভাগই হাসপাতালে ভর্তি হন। রোগীরা শ্বাস কষ্ট ও চোখ ঝাঁপসা দেখছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এক চিকিৎসক জানান, দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে একজন শিশু।

সিরিয়ায় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত খবরে দেখা যায়, হাসপাতালের বিছানায় চিকিৎসকরা নারী ও পুরুষদের শশ্রুষা করছেন।

আলেপ্পোর স্থানীয় গভর্নর হুসেইন দিয়াব হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ৪১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল-খালিদিয়া এলাকা থেকে লুট করা বিষাক্ত গ্যাসবাহী ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য তিনি বিদ্রোহীদের দায়ী করেছেন।

স্বাস্থ্যকর্মী হাজ তাহা পরে জানান, আক্রান্তের ৫০ জনের মতো। তাদের লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে, হামলায় ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে। নিশ্চিত হতে আরও পরীক্ষা প্রয়োজন।

সরকারি টেলিভিশনে বলা হয়েছে, সরকারি সেনারা পাল্টা হামলা চালিয়েছে গ্যাস হামলার উৎসে। তবে এরবেশি বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিদ্রোহী কমান্ডার ও সরকারবিরোধীরা সরকারেরর এই দাবি প্রত্যাখ্যান করেছে। আলেপ্পো থেকে গ্যাস লুটের কথাও অস্বীকার করেছে তারা। বিদ্রোহী কমান্ডার আবদেল –সালাম আবদেল-রাজেক জানান, বিরোধীদের রাসায়নিক অস্ত্র নেই বা তা পরিচালনার সামর্থ্য নেই। তিনি অভিযোগ করেন, সরকার তাদের ফাঁসাতে এই হামলা সাজিয়েছে। বিদ্রোহীদের মুখপাত্র মুসাফা সেজারি জানান, সরকার অস্ত্রবিরতি বাতিলের সুযোগ খুঁজছে।