গোলান মালভূমিতে ট্রাম্পের নামে শহর গড়বে ইসরায়েল

দখলকৃত সিরীয় ভূখণ্ড গোলান মালভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি শহর গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রবিবার ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যদের এই বিষয়ে অবহিত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ট্রাম্পের শহর গড়ে তোলার জন্য উপযুক্ত স্থান তারা খুঁজে পেয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।

Trump-Netanyahu-billboard-02032019-resize-2160x1198

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরীয় ভূখণ্ড গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনও ইসরায়েলের এই দখলদারিত্বের স্বীকৃতি দেয়নি। তবে দীর্ঘদিনের মার্কিন নীতি থেকে সরে এসে ২০১৯ সালের ২৫ মার্চ আনুষ্ঠানিকভাবে গোলান মালভূমির ওপর ইসরায়েলি দখলদারিত্বের স্বীকৃতি দেন তিনি। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা ইহুদি ধর্মাবলম্বী জ্যারেড কুশনারের উপস্থিতিতে ২৫ মার্চ এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প।

গত মাসে নেতানিয়াহু জানিয়েছিলেন, দখলকৃত গোলান মালভূমিতে ট্রাম্পের নামে একটা কমিউনিটি গড়ে তোলা হবে এই কৌশলগত ভূখণ্ডে ইসরায়েলের মালিকানার স্বীকৃতি দেওয়ার প্রতিদান হিসেবে। তখন তিনি বলেছিলেন, যখন ওই কমিউনিটি গড়ে তোলা হবে তখন তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য অবহিত করা হবে।

গত সপ্তাহে জানা গিয়েছিল, প্রথম ধাপে ১২০টি সেক্যুলার-ধর্মীয় বসতি গড়ে তোলা হবে ওই কমিউনিটিতে। এটা গড়ে তোলা হবে উত্তর গোলানে। এর আগে ১৯৯২ সালে এখানে বসতি গড়ে তোলার অনুমতি দেওয়া হলে তা বাস্তবায়ন হয়নি।

গোলানে বর্তমানে রয়েছে ৩৩টি শহর ও গ্রাম। এগুলোর মধ্যে নিমরদ গ্রামটি ১৯৯৯ সালে গড়ে তোলা হয়েছিল।  

সিবিএস’র তথ্য অনুসারে, ২০১৭ সালে গোলানে বসবাসকারী মানুষের সংখ্যা ৫০ হাজার। এদের মধ্যে ইহুদি ২৩ হাজার ও ইহুদি নয় এমন ধর্মালম্বী মানুষের সংখ্যা ২৭ হাজার।