সোলাইমানির জানাজায় কাঁদলেন ইরানের সর্বোচ্চ নেতা (ভিডিও)

ইরানের রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের নিহত প্রধান কাসেম সোলাইমানির জানাজায় ইমামতি করার সময় কাঁদলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। রবিবার তেহরানের স্থানীয় সময় সাড়ে ৯টায় এই জানাজা অনুষ্ঠিত হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি সোলাইমানির জানাজায় খামেনির ইমামতি করার এক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে, জানাজা পড়ানোর সময় খামেনির চোখে জল। অশ্রুভেজা চোখ নিয়ে তিনি ইমামতি করছেন।

কাসেম সোলাইমানির মরদেহ শনিবার বিকালে তেহরানে পৌঁছায়। ইরানে পৌঁছানোর পর মরদেহ মাশহাদে ইমাম রেজার মাজারে নিয়ে যাওয়া হবে। সেখানে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে রবিবার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নিজ প্রদেশ কেরমানে তাকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার সোলাইমানি হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই তার বাড়িতে যান খামেনি। তিনি নিহতের স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করেন।

ইরানের আইআরজিসি ও কুদস ফোর্স সরাসরি সর্বোচ্চ নেতা খামেনি দ্বারা পরিচালিত। নিহত সোলাইমানি সর্বোচ্চ নেতা খুব ঘনিষ্ঠ ছিলেন। ৩ জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন রকেট হামলায় নিহত হন কুদস ফোর্সের প্রধান।