ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ রবিবার এখবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, কোনও ধরনের লক্ষণ দেখা না গেলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরীক্ষা করে দেখা হয় নেতানিয়াহুর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি রয়েছে কিনা। তবে সরকারের বিবৃতিতে পরীক্ষার ফলাফলের কথা উল্লেখ করা হয়নি।
ইসরায়েল করোনা ভাইরাস মোকাবিলায় সন্ত্রাসদমন কৌশল প্রয়োগে বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেওয়ার পর এই পরীক্ষার খবর জানা গেলো। কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক হলেও যারা ফাঁকি দিতে চান শনাক্ত করতে এই কৌশল প্রয়োগ করা হবে বলে ঘোষণা দেন তিনি।
করোনার বিস্তার ঠেকাতে ইতোমধ্যে ইসরায়েল দেশটিতে আগত সবাইকে ১৪ দিনের স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকার নির্দেশ দিয়েছে। এছাড়া সব স্কুল, রেস্তোরাঁ, ক্যাফে, জিমন্যাসিয়াম ও বেশিরভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৩ মার্চ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২৭ জন।