জাতিসংঘকে পুরনো পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিলো ইরান

জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার তদন্তকারীদের সন্দেহভাজন দুটি পুরনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে ইরান। দীর্ঘ কয়েক মাস ধরে দুই পক্ষের আলোচনায় অচলাবস্থার পর এই সিদ্ধান্তের কথা জানাল ইরান। বুধবার তেহরানে উচ্চ পর্যায়ের বৈঠকে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

1b8196045fcd4e38ba98343470c65436_18

ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসির তেহরান সফরে এই সমঝোতা হলো। এক যৌথ বিবৃতিতে ইরানের পারমাণবিক সংস্থার প্রধান আলি আকবর সালেহি ও গ্রসি বলেছেন,  ইরান স্বেচ্ছায় আইএইএ-কে দুটি নির্দিষ্ট স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে। পরিদর্শনের তারিখ ও যাচাই কর্মকাণ্ড সম্পর্কে সমঝোতা হয়েছে।

অনুমতি পাওয়ার ফলে এই বিষয়ে আর কোনও প্রশ্ন হাজির করবে না আইএইএ।

দীর্ঘদিন ধরে আইএইএ তেহরান ও ইসফাহানে অবস্থিত পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি চেয়ে আসছে। এই দুটি কেন্দ্রে পারমাণবিক উপাদান মজুদ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আইএইএ-কে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, আর বাড়তি কোনও দাবি তেহরান মানবে না।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রসি’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আলী আকবর সালেহি আরও বলেছিলেন, উভয় পক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আইএইএ নিরপেক্ষ থাকবে ও পেশাদারিত্ব বজায় রাখবে, পাশাপাশি ইরান তার দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, রাফায়েল গ্রোসির তেহরান সফরের মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় শুরু হলো। আশা করা যায় দুই পক্ষের সহযোগিতা আগের চেয়ে আরও বাড়বে।