বাহরাইন-ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ককে স্বাগত জানালো ওমান

ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওমান। রবিবার ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েল-ফিলিস্তিনের শান্তি স্থাপনে ভূমিকা রাখবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

9063250_0_0_980_551_large

দ্বিতীয় উপসাগরীয় দেশ হিসেবে শুক্রবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় বাহরাইন। এক মাস আগে এমন সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। ইরানের আঞ্চলিক আধিপত্য মোকাবিলায় এমন উদ্যোগ নেওয়া হতে পারে বিশ্লেষকরা মনে করছেন।

ওমান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকটি আরব দেশের এই নতুন কৌশলগত পথ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটিয়ে শান্তির পথে ভূমিকা রাখবে। এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ সুগম করবে।

১৩ আগস্ট ইসরায়েল-আমিরাতের চুক্তির পর ইসরায়েলি গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছিল, ওমানও তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। ওমানের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকীকরণকে স্বাগত জানানো হলেও নিজেদের বিষয়ে কিছু বলেনি।

২০১৮ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওমান সফর করেছিলেন এবং তৎকালীন সুলতান কাবুসের সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তির উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যে নিরপেক্ষ ভূমিকা বজায় রেখে আসছে ওমান। বৈরিতাপূর্ণ যুক্তরাষ্ট্র ও ইরানসহ সব আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে দেশটি।