তুরস্কে হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ করোনা রোগীর মৃত্যু

তুরস্কের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ফলে করোনাভাইরাসে আক্রান্ত আট ব্যক্তির মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশে শনিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

thumbs_b_c_ccaa1fb2862b15ab620dedc2fe0fde9b

হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, সাংকো ইউনিভার্সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় একটি অক্সিজেন মেশিনে আগুন ধরার পর। ওই অক্সিজেন মেশিনটি ইনটেনসিভ কেয়ার ইউনিটে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহার করা হচ্ছিল।

অগ্নিকাণ্ডের ফলে ঘটনাস্থলেই সাত রোগীর মৃত্যু হয়। দগ্ধ অপর এক ব্যক্তিকে অন্য হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ৬৫ থেকে ৮৫ বছরের মধ্যে। হাসপাতালের করোনা রোগীদের স্থানীয় একাধিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও দমকলবাহিনী ঘটনাস্থলে হাজির হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।