বাইডেনকে পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান জানালো ইরান

পরমাণু চুক্তিতে দ্রুত ফিরতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে পার্লামেন্টে পাস হওয়া আইন পরমাণু নিয়ে সরকারের অবস্থান জোরালো করার চাপ বাড়াবে। এছাড়া আগামী জুনে ইরানের পার্লামেন্ট নির্বাচনের দিকেও ইঙ্গিত করে জাভেদ জারিফ বলেন, কট্টরপন্থী কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হলে চুক্তিটি আরও জটিলতায় পড়বে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের কাছে ইউরেনিয়াম প্রকল্প সীমিত করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ২০১৮ সালের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি প্রচারকাল থেকেই বলে আসছেন, তিনি নির্বাচিত হলে ইরানের পরমাণু চুক্তিতে ফেরত যাবে তার দেশ।

শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘আমেরিকানদের সময় শেষ হয়ে যাচ্ছে কারণ পার্লামেন্টের বিল এবং নির্বাচনি পরিবেশ এবং তারপরই ইরানি নববর্ষ।’ আগামী ২১ মার্চ থেকে শুরু হবে ইরানি নববর্ষ।

গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রকে দুই মাস সময় দিয়ে আইন প্রণয়ন করে ইরানের কট্টরপন্থীদের নিয়ন্ত্রিত পার্লামেন্ট। তেহরান বলে আসছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেই চুক্তির শর্ত মেনে চলা শুরু করবে ইরান। শনিবার জাভেদ জারিফ বলেন, ‘আমরা আলোচনার টেবিলি ফেরার দরকার নেই। টেবিলে ফিরতে হলেই আমেরিকাকেই টিকিট খুঁজতে হবে।’