সৌদি আরবে করোনা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো আরও ২০ দিন

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি করা বিধিনিষেধের মেয়াদ আরও ২০ দিন বাড়িয়েছে সৌদি আরব। স্থানীয় সময় রবিবার রাত দশটা থেকে সতর্কতামূলক এই পদক্ষেপ কার্যকর হবে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম আরব নিউজ এখবর জানিয়েছে।

জানুয়ারিতে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পর ৪ ফেব্রুয়ারি ১০ দিনের বিধিনিষেধ আরোপ করে সৌদি সরকার। কিন্তু সংক্রমণের গতি না কমায় আবার তা বাড়ানো হলো।

আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৪১০। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৩০৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৪২৯ জনের।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে আল আরাবিয়া সংবাদমাধ্যম জানায়, বর্ধিত বিধিনিষেধের আওতায়  লোকসমাগম, বিনোদন ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ থাকবে  চলচ্চিত্র প্রেক্ষাগৃহ ও রেস্তোরাঁ।

সূত্র জানায়, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা যাতে না বাড়ে সেজন্য দেশটির জনগণকে এসব বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

গত মাসে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে না। ৩১ মার্চের পরিবর্তে ১৭ মে পর্যন্ত দেশটির সীমান্ত বন্ধ থাকবে।