ইসরায়েলি হামলার পর অবরুদ্ধ গাজার অবকাঠামো পুনর্নির্মাণে যুক্তরাষ্ট্র ব্যাপক অবদান রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। জেরুজালেমে তিনি বলেন, এসব ত্রাণে হামাস যেন লাভবান না হয় তা যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে। ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাতে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষয়তি হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করে ইসরায়েল। ১১ দিনের ভয়াবহ হত্যাযজ্ঞের পর অবশেষে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায় দখলদার বাহিনী। এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করে হামাস। ফিলিস্তিনের পতাকা নিয়ে রাজপথে নেমে উচ্ছ্বাস প্রকাশ করে গাজার বাসিন্দারা।
ওই যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেন, ‘হতাহত প্রায়ই কেবল সংখ্যায় নেমে আসে। কিন্তু প্রতিটি সংখ্যার পেছনে আছে এক জন মানুষ-একজন মেয়ে, একজন ছেলে, একজন বাবা, একজন মা, বা একজন বন্ধু। তালমুদেনর শিক্ষা অনুসারে একটা প্রাণ হারানো মানে একটা দুনিয়া হারানো, তা সেই প্রাণ ইসরায়েলি কিংবা ফিলিস্তিনি যারই হোক।’
মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন তারা ইসরায়েলের নিরাপত্তা চাহিদা নিয়ে আলোচনা করেছেন। ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া নেতানিয়াহু ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রকে না ফেরার পরামর্শ দিয়েছে।