আমিরাতসহ ৩ দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও ভিয়েতনামের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনাভাইরাসের একটি ভ্যারিয়েন্ট মোকাবিলায় শনিবার এ পদক্ষেপ নিয়েছে রিয়াদ।

নতুন এ নিয়ম ৪ জুলাই রবিবার রাত ১১টা থেকে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ জানিয়েছে, সৌদি নাগরিকরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এসব দেশে যাওয়ার সুযোগ পাবেন। এছাড়া এসব দেশ থেকে ফেরা সৌদি নাগরিকদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের নাম উল্লেখ না করে এসপিএ জানিয়েছে, করোনভাইরাস মহামারির চলমান প্রাদুর্ভাব এবং ভাইরাসটির নতুন পরিবর্তিত স্ট্রেইনের বিস্তারের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।