জেদ্দাসহ সৌদি আরবের বেশ কয়েকটি শহরে ১৪টি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী। শনিবারের এই হামলার পর ইয়েমেনে হুথি বাহিনীর ১৩টি লক্ষ্যবস্তুতে সৌদি নেতৃত্বাধীন জোট পাল্টা হামলা করেছে বলে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহইয়া সারি শনিবার এক টেলিভিশন সংবাদ সম্মেলনে বলেন, তারা সৌদি আরবের জেদ্দার অ্যারামকোর তেল শোধনাগারে হামলা করেছে। এছাড়া রিয়াদ, জেদ্দা, আবাহ, জিজান ও নিজরান শহরও তাদের লক্ষ্যবস্তু ছিল।
সারি বলেন, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের ‘আগ্রাসন’ বৃদ্ধি এবং ইয়েমেনে তাদের ধারাবাহিক অপরাধের প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে।
হুথি বাহিনীর ড্রোন হামলার দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, শনিবার ইয়েমেনে জোটের অভিযানে রাজধানী সানায় অস্ত্রের ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সাদা ও মারিব প্রদেশেও বেশ ক্ষতি হয়েছে।
ইরান-সমর্থিত হুথিগোষ্ঠী নিয়মিত সৌদি অঞ্চলে রকেট এবং ড্রোন হামলার দাবি করে। তারা দাবি করে, এই হামলা করা হয় ইয়েমেনে সৌদি জোটের আক্রমণের প্রতিক্রিয়াস্বরূপ।