সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে ইসরায়েলি ওয়েবসাইট হ্যাক

ইসরায়েলের সংবাদপত্র জেরুজালেম পোস্ট তাদের ওয়েবসাইট হ্যাক হওয়ার কথা জানিয়েছে। সোমবার এই হ্যাকিংয়ের ঘটনাকে ইসরায়েলের ওপর হুমকি বলে আখ্যা দিয়েছে সংবাদপত্রটি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হ্যাক হওয়া ওয়েবসাইটের মূল পাতায় নিউজের পরিবর্তে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির স্মরণে একটি ইলাস্ট্রেশন দেখা যাচ্ছে। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি।

ইংরেজি ভাষার দৈনিক জেরুজালেম পোস্ট এক টুইট বার্তায় জানিয়েছে, তারা সমস্যাটি নিরসনে কাজ করছেন। টুইট বার্তায় বলা হয়, ‘আমাদের ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়ে অবগত হয়েছি, এটি ইসরায়েলের ওপর সরাসরি হুমকি।’

তবে জেরুজালেম পোস্টের মোবাইল অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়নি। ইসরায়েলের অন্য বড় নিউজ ওয়েবসাইটগুলো স্বাভাবিকভাবে কাজ করছে।