সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় ভবন বানানোর পরিকল্পনা করছে। দেশটির সবচেয়ে জনবিরল এলাকায় এই ভবন নির্মাণ করা হবে। প্রায় ৫০ হাজার কোটি (পাঁচশ’ বিলিয়ন) ডলার ব্যয়ে নিওম নামে নতুন এক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এটি নির্মাণ করতে চায় রিয়াদ।
সৌদি যুবরাজ ও ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের মস্তিষ্কপ্রসূত প্রকল্প নিওম। পরিকল্পনা সম্পর্কে অবগতরা জানিয়েছেন, প্রায় পাঁচশ’ মিটার (১, ৬৪০ ফুট) লম্বা দুটি আকাশচুম্বী ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে তাদের যা কয়েক ডজন মাইল পর্যন্ত অনুভূমিকভাবে প্রসারিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিরা জানিয়েছেন লোহিত সাগরের উপকূল থেকে মরুভূমিতে চলে যাওয়া আকাশচুম্বী ভবনগুলোতে আবাসিক, খুচরা বিক্রি এবং অফিসের জায়গা থাকবে। এই পরিকল্পনাটি গত বছর ঘোষিতভূ গর্ভস্থ উচ্চগতির রেল সংযুক্ত উন্নয়ন পরিকল্পনা থেকে একটি দীর্ঘ অবিচ্ছিন্ন কাঠামোতে পরিবর্তন করবে।
নিওমের বর্তমান এবং সাবেক কর্মীরা বলেছেন, ডিজাইনারদের আধা মাইল-লম্বা প্রোটোটাইপে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এটি যদি সম্পূর্ণভাবে এগিয়ে যায় তবে এর প্রতিটি কাঠামো বিশ্বের বর্তমান বৃহত্তম ভবনগুলোর চেয়ে বড় হবে, যার বেশিরভাগই আবাসিক জায়গার বদলে হবে কারখানা কিংবা শপিং মল।
২০১৭ সালে নিওম তৈরির ঘোষণা দেন মোহাম্মদ বিন সালমান। তার পরিকল্পনা দেশের একটি প্রত্যন্ত অঞ্চলকে একটি উচ্চ প্রযুক্তির আধা-স্বায়ত্তশাসিত রাজ্যে পরিণত করার যা শহুরে জীবনকে নতুন করে পরিচয় দেবে। সৌদি অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করতে বিদেশিদের আকৃষ্ট করার পরিকল্পনার অংশ এটি। গত বছর যুবরাজ জানান নিওম তৈরিতে ২০ হাজার কোটি ডলার খরচ হবে। তবে তখন বিশালাকার এসব ভবন তৈরি ওই পরিকল্পনার আওতায় ছিলো না।
নিওমের প্রধান নির্বাহী কর্মকর্তা নাধমি আল-নসর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এটি ধারণার বাইরের একটি পরিকল্পনা। আমরা যখন প্রস্তুত হব তখন আমরা যা উপস্থাপন করব তা খুব ভালভাবে গ্রহণ করা হবে, এবং বিপ্লবী হিসাবে দেখা হবে।’
সূত্র: ব্লুমবার্গ