বিশ্বকাপ ফুটবলের সমাপনি অনুষ্ঠানে অংশ নিতে রবিবার কাতার সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে গেছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল খেলা দেখার কথা রয়েছে তার।
একসময় এরদোয়ান নিজেও ফুটবল খেলোয়াড় ছিলেন। এবারের কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি।
দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে নির্বিঘ্নভাবে বিশ্বকাপের মহাযজ্ঞ আয়োজনে কাতারকে সহায়তা দিচ্ছে তুরস্ক। এর অংশ হিসেবে দেশটিতে তিন হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে আঙ্কারা।
দীর্ঘদিন ধরেই কাতারের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক। ২০১৭ সালে সৌদি আরব ও তার মিত্ররা যখন কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে, তখন দোহার সমর্থনে এগিয়ে আসে আঙ্কারা। বলা চলে, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান একাই সৌদি আরবের কাতারবিরোধী অবরোধ ব্যর্থ করে দেন। কাতারবিরোধী ওই অবরোধ প্রত্যাহারে ১৩ দফা দাবি তুলে ধরেছিল সৌদি জোট। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল আল জাজিরা টেলিভিশন বন্ধ করে দেওয়া, কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি প্রত্যাহার এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো রিয়াদের আঞ্চলিক প্রতিপক্ষ তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে কাতার। সূত্র: আল জাজিরা।