ইসরায়েলি মন্ত্রীর আল আকসা কম্পাউন্ডে প্রবেশে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

জেরুজালেমের আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরের প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, মঙ্গলবার মসজিদ প্রাঙ্গণে তার প্রবেশের ঘটনায় ওয়াশিংটন ‘গভীরভাবে উদ্বিগ্ন’। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন, ‘উত্তেজনার পারদ বাড়াতে পারে এমন যেকোনো একতরফা পদক্ষেপের ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

তিনি বলেন, আমরা উত্তেজনার প্রশমন দেখতে চাই।

নেড প্রাইস বলেন, জেরুজালেমের পবিত্র স্থাপনাগুলোর ঐতিহাসিক স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে যুক্তরাষ্ট্রের জোরালো অবস্থান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ঐতিহাসিক স্থিতাবস্থাকে বিনষ্ট করে এমন যেকোনও ‘একতরফা পদক্ষেপ অগ্রহণযোগ্য’।