তুর্কি হামলার মুখে পিছু না হটার ঘোষণা দিয়েছে সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দি মিলিশিয়ারা। রবিবার কুর্দিদের দখলকৃত এলাকায় তুর্কি বাহিনীর দ্বিতীয় দফা হামলার পর আল জাজিরার কাছে এমন প্রতিক্রিয়া জানায় কুর্দি যোদ্ধারা।
গত বৃহস্পতিবার সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহীদের কাছ থেকে ওই এলাকাটির দখল করে নেয় কুর্দি মিলিশিয়ারা। এই গ্রুপটি ওয়াইপিজি নামে পরিচিত।
ওয়াইপিজি’র মিত্র সংগঠন জায়েশ আল থুওয়ার এর মুখপাত্র তারিক আবু জেইদ। আল জাজিরাকে তিনি বলেন, আমরা সম্প্রতি মেনাঘ বিমানঘাঁটি দখল করেছি। এখন তেল রিফাত এলাকা দখলের দ্বারপ্রান্তে রয়েছি আমরা। তুরস্ক আমাদের পশ্চাদপসারণ চাইছে। কিন্তু সেটা হবে না। আমরা অগ্রসর হচ্ছি। আমরা পিছু হটবো না।
এ সময় আইএসের বিরুদ্ধে লড়াই চালানোরও অঙ্গীকার করেন তারিক আবু জেইদ।
এদিকে, কুর্দিদের ওপর হামলা বন্ধ রেখে আইএসের ওপর হামলায় মনোনিবেশ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রবিবার প্রথম দিনের হামলার পর হামলার পর তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু এক টেলিভিশন ভাষণে বলেন, ওয়াইপিজি ওই বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ছেড়ে না দিলে তাদের করুণ পরিণতি বরণ করতে হবে।
তুর্কি সীমান্তবর্তী শহর আজাজ এর দক্ষিণে মেনাঘ বিমানঘাঁটির অবস্থান। বিমানঘাঁটিটি কুর্দিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় ব্যাপক নিরাপত্তা সংকটে পড়েছে তুর্কি সরকার। কুর্দিস্তান ওয়াকার্স পার্টির (পিকেকে) কুর্দি গেরিলাদের সঙ্গে সম্পর্ক রয়েছে ওয়াইপিজির। কয়েক দশকে ধরে এরা তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সূত্র: আল জাজিরা।
/এমপি/