যুক্তরাষ্ট্রের কাছে বছরে ৫ বিলিয়ন ডলার চায় ইসরায়েল



যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য হিসেবে বছরে পাঁচ বিলিয়ন ডলার সাহায্য প্রত্যাশা করে ইসরায়েল। দুই দেশের মধ্যে ইতোপূর্বে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী ১০ বছরে ইসরায়েলকে ৩০ বিলিয়ন ডলার প্রদানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা সহযোগিতা হিসেবে দেশটিকে এ অর্থ প্রদান করতে সম্মত হয় ওয়াশিংটন। কিন্তু শিগগিরই ওই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

আগের চুক্তি অনুযায়ী বছরে ৩ বিলিয়ন ডলার করে মার্কিন অর্থ সাহায্য পেত ইসরায়েল। এখন দেশটি চাইছে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন একটি চুক্তিতে আবদ্ধ হতে। এর আওতায় নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে বছরে ৫ বিলিয়ন ডলার অর্থ সাহায্য প্রদান করে।

noname

 সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজে প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়। তবে নতুন চুক্তি স্বাক্ষরে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আলোচনায় যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বছরে ৪ বিলিয়ন ডলার প্রদানে সম্মত হয়েছে। কিন্তু তেল আবিব মনে করছে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে এ পরিমাণ অর্থ যথেষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের বাজেট সীমাবদ্ধতার কথা জানানো হয়েছে।

২০১৮ সালের শেষ নাগাদ বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

/এমপি/