সম্পর্ক পুনরুদ্ধারের পথে কাতার ও বাহরাইন

দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পথে হাঁটছে কাতার ও বাহরাইন। দুই দেশের প্রতিনিধিরা সৌদি আরবের রাজধানী রিয়াদে বুধবার বৈঠক করেছেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) জেনারেল সেক্রেটারিয়েটের সদর দফতরে হয় বৈঠক। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, জিসিসি চার্টার অনুযায়ী উপসাগরীয় ঐক্য ও সংহতি বাড়াতে দুই দেশ বৈঠক করেছে।

আল জাজিরার খবরে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল আহমেদ বিন হাসান আল-হাম্মাদি ২০১৭ সালের দ্বন্দ্বের সমাধান নিয়ে আলোচনা করতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফার সঙ্গে দেখা করেন।

৬ বছর আগে বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিসর কাতারের ওপর কূটনৈতিক অবরোধ আরোপ করে। তাদের অভিযোগ, ইরানঘেঁষা কাতার কট্টরপন্থি গোষ্ঠীগুলোকে সমর্থন করে। দোহা অবশ্য শুরু থেকে এসব অস্বীকার করে আসছে।

চারটি আরব দেশ কাতারের বিমান ও জাহাজকে তাদের আকাশসীমা ও জলসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। তবে ২০২১ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিসর কাতারের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করে। যদিও সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এখনও তাদের নিজ নিজ দূতাবাস খুলেনি।

জানুয়ারিতে বাহরাইনের ক্রাউন প্রিন্সের সঙ্গে কাতারি আমির টেলিফোনে কথা হয়। এটি ছিল এমন একটি পদক্ষেপে যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের সূত্রপাত ঘটায়। 

কাতারের সঙ্গে বাহরাইনের বিরোধের বেশিরভাগই ইরানের সঙ্গে কাতারের সম্পর্ক এবং তাদের সামুদ্রিক সীমান্তের সমস্যাকে কেন্দ্র করে। সূত্র: আল জাজিরা