ঈদুল ফিতরে যে বার্তা দিলেন সৌদি বাদশাহ

পবিত্র ঈদুল ফিতর এই অঞ্চল এবং পুরো বিশ্বের জন্য শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে বলে প্রত্যাশা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশটির তথ্যমন্ত্রী সালমান আল- দোসারির এক বক্তব্যে জানান, বাদশাহ সালমান ঈদুল ফিতরের শুরুতে সৌদি নাগরিক, বাসিন্দা ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।

সৌদি আরবে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারণে এবার অঞ্চলটিতে রোজা ২৯টি হলো। ফলে ২১ এপ্রিল (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন দেশটির মানুষ। চাঁদ দেখার পরই বাদশাহ সালমান এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা কামনা করে বিবৃতি দেন।

বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঈদ-উল-ফিতরের আগমূহুর্তে কয়েকটি দেশের রাজা, সরকারপ্রধান এবং মুসলিম দেশের নেতাদের শুভেচ্ছার বার্তাও পাঠান।

ঈদুল ফিতর মুসলিম বিশ্বের আরও অগ্রগতি ও আশীর্বাদ বয়ে আনুক এই কামনা করেন সৌদি বাদশাহ।

সূত্র: সৌদি গেজেট