সুইডেনের রাজধানী স্টকহোমে ঈদের দিন কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে সৌদি আরব। ঈদের দিন স্থানীয় একটি মসজিদের বাইরে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ একজন প্রকাশ্যে পোড়ানায় আরব বিশ্বের পাশাপাশি অন্যান্য পশ্চিমা কূটনৈতিক মহলও নিন্দা জানিয়েছে।
সোমবার (৩ জুলাই) এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে সুইডিশ সরকারকে এমন কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সৌদির পাশাপাশি ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতও নিজ নিজ দেশে থাকা সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে।
সম্প্রতি স্টকহোমে বিক্ষোভের সময় পবিত্র কোরআন অবমাননার একটি কর্মসূচি পালনের অনুমতি দেয় সুইডিশ সরকার। পরে বুধবার (২৮ জুন) ঈদুল আজহার দিনে ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা মসজিদের সামনে দাঁড়িয়ে কোরআন পোড়ান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশে দাঁড়িয়ে থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি। এ ঘটনার প্রতিবাদে বিশ্বের অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে।
সূত্র: আল অ্যারাবিয়া