একটি অবৈধ ইসরায়েলি বসতিতে গুলি চালানোর অভিযোগে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছেন দায়িত্বে না থাকা (অফ ডিউটি) এক পুলিশ কর্মকর্তা। এ সময় আহত হয় ৬ জন। অধিকৃত পশ্চিম তীরের মালে আদুমিমে ইসরায়েলি বসতির একটি শপিংমলের বাইরে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কিশোরের নাম মোহান্নাদ আল-মাজরা। ২০ বছরের মাজরার বাড়ি পশ্চিম তীরের নিকটবর্তী শহর আজারিয়ায়।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে ইসরায়েলি বাহিনী গুলিবিদ্ধ করার আগে এলোপাতাড়ি গুলি চালিয়েছিলেন তিনি। এ সময় বেশ কয়েকজন আহত হয়।
এই ঘটনা পরপর ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সেখানে ছুটে যান। এর আগে মঙ্গলবার বেন-গভির আরও কয়েক জন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশের নেতৃত্ব দিয়েছিলেন।
আল জাজিরার সাংবাদিক লুরা খান বলছেন, ইসরায়েলি বসতিগুলোর কারণে ইসরায়েল-ফিলিস্তিনি উত্তেজনা এবং সহিংসতার চরমে পৌঁছেছে।
তিনি বলেন, ‘এই বসতিগুলোকে শুধু বেআইনি বলেই গণ্য করা হয় না বরং ফিলিস্তিনিরা এগুলোকে উপনিবেশের একটি রূপ বলে মনে করে।’
অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল ও গাজায় এ বছর দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এসব মৃত্যুর বেশিরভাগই পশ্চিম তীরে। অন্যদিকে ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা