গোলান থেকে দামেস্কে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইসরায়েল, সিরিয়ার ৪ সেনা নিহত

অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৪ সিরীয় সেনা নিহত ও আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।

সামরিক সূত্রের বরাতে সানা জানিয়েছে, সোমবার রাত ২টা ২০ মিনিটে দখলদাররা অধিকৃত সিরিয়ার গোলান থেকে এই হামলা চালায়। তারা মূলত দামেস্কের আশপাশের এলাকাগুলো টার্গেট করে।

ইসরায়েলি হামলায় কিছু অবকাঠোমো ধ্বংস হয়েছে। তবে সিরিয়ার আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। এ ঘটনায় তাৎক্ষণিক ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

অনেক বছর ধরেই গোলান থেকে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, দেশটির সীমান্ত এলাকাগুলোয় ইরান সম্পৃক্ত স্থাপনায় হামলা চালানো হয়। প্রায়শই ইসরায়েলি বোমা গিয়ে পড়ছে রাজধানীর দামেস্কের প্রাণকেন্দ্রে। এতে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে।

২০১১ সিরিয়ায় ভয়াবহ গৃহযুদ্ধ শুরুর পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে সমর্থন দেয় ইরান। তখন থেকে দেশটিতে ইরানের প্রভাব বাড়ছে। অন্যদিকে ইসরায়েলের চিরশত্রু আক্রমণ বাড়িয়েছে সিরিয়ায়। এই হামলা চালাতে গোলান মালভূমি ব্যবহার করছে দেশটি।

গোলান মালভূমি সিরিয়া ও ইসরায়েলের জন্য কৌশলগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। ১৯৬৭ সালে আরব-ইসরাইল ছয় দিনের যুদ্ধে সিরিয়ার গোলান দখলে নেয় তেল আবিব। ১৯৭৩-৭৪ সালের যুদ্ধে এই মালভূমি পুনর্দখলের চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া। পরে ১৯৮১ সালে গোলানকে একতরফাভাবে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নেয় ইসরায়েল। কিন্তু এই অন্তর্ভুক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। গত প্রায় সাড়ে তিন দশকে গোলান মালভূমিতে ৩০টিরও বেশি অবৈধ ইহুদি বসতি স্থাপন করেছে তেল আবিব।

সূত্র: আল জাজিরা