ঐক্য সরকার গঠন করলো ইসরায়েল

গাজায় হামাসের বিরুদ্ধে বিমান হামলা চলমান থাকার মধ্যে একটি জরুরি ঐক্য সরকার গঠন করেছে ইসরায়েল। বুধবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী দলীয় নেতা বেনি গান্তজ এক যৌথ বিবৃতিতে সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়  বুধবারও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত ছিল। এছাড়া গাজার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে। হামাস জানিয়েছে, সেখানে তাদের যোদ্ধারা এখনও  সীমান্ত অতিক্রম করে হামলা চালিয়ে যাচ্ছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সাবেক প্রতিরক্ষা প্রধান ও বিরোধী দলীয় সেনা বেনি গান্তজের সঙ্গে একটি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  জাতীয়  ঐক্যের চেয়ারম্যান থাকবেন বেনি গান্তজ।

এতে আরও বলা হয়েছে, যুদ্ধ ব্যবস্থাপনা মন্ত্রিসভা গঠিত হবে তিন সদস্য নিয়ে।  তারা হলেন, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী  ও জাতীয়  ঐক্যের চেয়ারম্যান। আরও  দুই কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে থাকবেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০০ জনে। আহতের সংখ্যা  ২ হাজার ৭০০।

শনিবার গাজা উপত্যকা থেকে ইসরায়েলে প্রবেশ করে কয়েক হাজার হামাস যোদ্ধা। গত কয়েক দিন ধরে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ হামলাকারীদের নির্মূলে কাজ করে যাচ্ছে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড বুধবার বলেছে, তাদের যোদ্ধারা এখনও ইসরায়েলি ভূখণ্ডে লড়াই করছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের পাল্টা হামলায় ১ হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫ সহস্রাধিক আহত হয়েছেন।