গাজার কোথাও নিরাপদ স্থান নেই: জাতিসংঘ

যুদ্ধ বিধ্বস্ত গাজার কোথাও নিরাপদ জায়গা নেই। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কঠোর সতর্কতা জারি করে এ কথা বলেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস। তাছাড়া গাজাবাসীদের কোথাও যাওয়ার জায়গা নেই বলেও জানিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লিন হেস্টিংস এক বিবৃতিতে বলেন, গাজায় হামাসের ওপর প্রতিশোধ নিচ্ছে ইসরায়েল। অবিরত বোমা হামলা করছে। তারপর আবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

এই পরিস্থিতিতে লিন হেস্টিংস বলেন, ইসরায়েলি হামলা থেকে বাঁচার জন্য গাজার মানুষ কোথাও সরে যেতে পারে না। কারণ তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।

লিন হেস্টিংস আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ হওয়া উচিত। এর অর্থ হলো, বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে। তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের সুযোগ থাকতে হবে।

৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ ২০ দিন। ইসরায়েল সরকার জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে। ২২২ ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা তিন হাজার। জাতিসংঘের হিসাবমতে, এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ।