অবরুদ্ধ গাজায় সবচেয়ে বড় ত্রাণ বহর প্রবেশ করেছে। এই ত্রাণ সহায়তা বহরে ৩৩টি ট্রাক ছিল। এক সপ্তাহ আগে সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমোদনের পর এটিই সবচেয়ে বড় ত্রাণ বহর। সোমবার (৩০ অক্টোবর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, পানি, খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহনকারী ৩৩টি ট্রাক মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেছে।
ওসিএইচএ সতর্ক জারি করে বলেছে, নাগরিক অস্থিরতাসহ মানবিক পরিস্থিতির অবনতি ঠেকাতে আরও সাহায্যের প্রয়োজন। সংস্থাটি আরও বলেছে, চিকিৎসা সরঞ্জাম ও পানি সরবরাহের জন্য ‘জরুরিভিত্তিতে জ্বালানি প্রয়োজন’।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও বিশ্বের বিভিন্ন দেশের প্রচেষ্টায় মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ২১ অক্টোবর ২০টি এবং তার পরের দিন ১৭টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। তারপর বৃহস্পতিবার আরও ৯টি ত্রাণবাহী ট্রাকে ১৪১ মেট্রিক টন খাদ্যসামগ্রী প্রবেশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২১ অক্টোবর থেকে গাজায় পুনরায় ত্রাণ প্রবেশ শুরু হয়েছে। তারপর থেকে রাফাহ ক্রসিং দিয়ে মোট ১১৭টি ত্রাণ সহায়তার ট্রাক প্রবেশ করেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, এর আগে, প্রতিদিন প্রায় ৫০০ ত্রাণ সহায়তার ট্রাক এই অঞ্চলে প্রবেশ করতো।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি বলেছে, প্রতিদিন ১০০ সাহায্য ট্রাক প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল ইসরায়েল।