গাজা-ইসরায়েল সংঘাত নিয়ে গোটা বিশ্বে এখন টালমাটাল অবস্থা। এই পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মানুষের মনোযোগ সরে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার বিষয়টি রাশিয়ার লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম একটি।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এখন ২১ মাস চলমান। ইউক্রেনে যুদ্ধের অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে দেশটির শীর্ষ সামরিক জেনারেলের মূল্যায়ন সত্ত্বেও বিষয়টি নিয়ে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। যদিও রাশিয়ার দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে ইউক্রেনের পালটা আক্রমণ সামান্য অগ্রগতি অর্জন করেছে।
বর্তমান পরিস্থিতি এখন কিয়েভের পশ্চিমাঞ্চলের মিত্রদের মধ্যে ক্লান্তির সৃষ্টি করেছে। শুধু তাই না, আর বেশি কয়েকটি উন্নত অস্ত্র ও তহবিল প্রদান চালিয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বলেও আভাস পাওয়া গেছে।
একটি বিবৃতিতে শনিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, দেশটির ১২৮ মাউন্টেন অ্যাসাল্ট বিগ্রেডের ইউক্রেনীয় সেনারা নিহত হয়েছেন। এ ঘটনাকে মারাত্মক উল্লেখ করে তিনি অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। তবে শুক্রবার রাশিয়ার হামলায় ঠিক কতজন ইউক্রেনীয় সেনা মারা গেছেন সে সম্পর্কে নিশ্চিত করে তিনি কিছু বলেননি।
তবে ইউক্রেন ও রাশিয়ার গণমাধ্যমের প্রতিবেদন বলছে, যুদ্ধের সম্মুখ লাইনের কাছাকাছি অবস্থিত একটা গ্রামে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ২০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলছে, শনিবার তারা রাশিয়া অধিকৃত ক্রিমিয়াতে সমুদ্র ও বন্দর অবকাঠামোতে সফলভাবে হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী পরবর্তীতে জানায়, ইউক্রেনের ছোড়া ১৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৩টি গুলি করে ধ্বংস করা হয়েছে তবে একটি রুশ জাহাজ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই পরিস্থিতিতে শনিবার সফররত ইউরোপীয় কমিশনার প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ব্রিফিংয়ে প্রেসিডেন্ট বলেন, এটা পরিস্কার যে, গাজার যুদ্ধ ইউক্রেন থেকে মনোযোগ দূরে নিয়ে যাচ্ছে। ইউক্রেনের প্রতি মনোযোগ দুর্বল হোক এইটাই চেয়েছিল রাশিয়া। তিনি আরো বলেন, সবকিছু স্থবির পর্যায়ে চলে যাচ্ছে, এর ফলে মস্কো তার শক্তি পুনর্গঠনের সুযোগ পাবে।