সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত মার্কিন ও আন্তর্জাতিক সেনারা চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার হামলার শিকার হয়েছেন। সোমবার এক মার্কিন সামরিক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন কর্মকর্তা বলেছেন, সেনাদের অবস্থানে রবিবার সন্ধ্যায় তিনবার এবং সোমবার সকালে একবার হামলা হয়েছে।
তিনি আরও বলেছেন, ড্রোন ও রকেট দিয়ে এসব হামলা চালানো হয়। এসব হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে অবকাঠামোগত সামান্য ক্ষতি হয়েছে।
এর আগে রবিবার সিরিয়া দুটি ইরানি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সিরিয়া ইরানি স্থাপনায় তিন সপ্তাহের মধ্যে এটি ছিল তৃতীয় মার্কিন হামলা।
গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরান-সমর্থিত বিভিন্ন গ্রুপ এসব হামলা চালাচ্ছে।