হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৯ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে ইসরায়েল। চারদিন যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই ৩৯ ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে স্থানীয় সময় শুক্রবার (২৪ নভেম্বর) যুদ্ধবিরতির প্রথম দিনে ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
কারাগার থেকে মুক্তি পাওয়া ২৪ বছর বয়সী মারাহ বাকির আল জাজিরাকে জানিয়েছেন, তাকে যখন ২০১৫ সালে কারাবন্দি করা হয় তখন তার বয়স ছিল ১৬ বছর। প্রথম ব্যাচেই মুক্তি পাওয়াদের মধ্যে তিনি একজন। মারাহ বাকিদের মতে, কারাবন্দিদের সবার সুচিকিৎসা দরকার। কারাগারে থাকাকালীন তাদের প্রত্যেকের চিকিৎসার বিষয়ে চরম মাত্রায় অবহেলা করা হয়েছে। মারাহ জানিয়েছেন, তিনি এখন তার পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে তার পড়ালেখা শুরু করবেন।
কাতারের মধ্যস্থতায় শুক্রবার ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এরমধ্যে ১৩ জন ইসরায়েলি নারী ও শিশু , ১০ জন থাই ও একজন ফিলিপিনো নাগরিক।
এদিকে ইসরায়েল বলছে, যেসব ফিলিস্তিনে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজন ইসরায়েলি সেনাদের হত্যাচেষ্টায় লিপ্ত ছিল। আর যেসব শিশুকে ছাড়া হয়েছে তারা সেনাদের উদ্দেশ করে পাথর ছোড়ার মতো অপরাধে লিপ্ত হয়েছিল।
চুক্তি অনুযায়ী চারদিনের যুদ্ধবিরতিতে মোট ৫০ জন জিম্মি এবং ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েল বলছে, হামাসের প্রতি ১০ জন করে জিম্মি মুক্তির বিনিময়ে ১ দিন করে যুদ্ধবিরতি বাড়াবে ইসরায়েল।