আরও ৩৩ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল, ১১ জিম্মিকে ছাড়লো হামাস

ইসরায়েল ও হামাসের মধ্যকার সমঝোতায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চতুর্থ দফায় আরও ৩৩ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্ত করেছে ইসরায়েল। অপরদিকে আরও ১১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এ বিষয়ে নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

ইসরায়েল সেনাবাহিনী বলছে, ৩৩ ফিলিস্তিনি বন্দিকে স্থানীয় সময় সোমবার রাতে মুক্তি দেওয়া হয়েছে।  রয়টার্স বলছে, মুক্তিপ্রাপ্ত এই ৩৩ জনকে নিয়ে বাস এরইমধ্যে পশ্চিম তীরে পৌঁছেছে। এই দিয়ে ইসরায়েলের হাত থেকে মুক্তিপ্রাপ্ত মোট ফিলিস্তিনির সংখ্যা ১৫০ জনে দাঁড়িয়েছে। 

এদিকে ইসরায়েল বলছে, চারদিনের যুদ্ধবিরতির মধ্যে চতুর্থ দিনে ১১ জিম্মিকে মুক্ত করেছে হামাস। এ তথ্য নিশ্চিত করেছে রেড ক্রস। মধ্যস্থতায়  মুখ্য ভূমিকা পালনকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মুক্তিপ্রাপ্তরা ছয়জন আর্জেন্টিনার, তিনজন ফরাসি নাগরিক এবং দুইজন জার্মান। চুক্তি অনুযায়ী হামাস এখন পর্যন্ত ৫০ জিম্মিকে মুক্তি দিয়েছে। 

অন্যদিকে চলমান হামাস-ইসরায়েলের মধ্যে সমঝোতা আরও দুদিন বেড়েছে। সোমবার কাতার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে নিশ্চিত করেছে। পরে  এ বিষয়ে জানিয়েছে হামাস।  

তবে এর আগে ইসরায়েল হুমকি দিয়ে আসছে যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র তারা আবার গাজায় হামলা শুরু করবে।