ইসরায়েলের উত্তর সীমান্তে বুধবার (১৩ ডিসেম্বর) লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে লিপ্ত হয়েছে ইসরায়েলি সেনারা। আনুমানিক ৬৫ হাজার বাসিন্দাকে বাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
ইসরায়েলের শ্লোমি শহর থেকে আল-জাজিরার রিপোর্টার সারা খাইরাত জানিয়েছেন, ইসরায়েল থেকে লেবাননের সীমান্তের দিকে ছোড়া আর্টিলারি ফায়ারের শব্দ শোনা গেছে।
উত্তর সীমান্ত এখন সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে বেশ কয়েকটি চেকপয়েন্ট রয়েছে।
সারা আরও জানান, লেবাননের সীমান্তবর্তী শ্লোমি শহরের দিকে যাওয়ার সময় তিনি ও তার টিম সাইরেনের শব্দ শুনতে পান। এসময় ইসরায়েলি সীমান্তের দিকে আর্টিলারি ফায়ার ছোড়া হয়।
শ্লোমি একটি ভূতের শহরে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সারা। সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেক ব্যবসা দেউলিয়া হয়ে যাবে এমন উদ্বেগের মধ্যে রয়েছেন বাসিন্দারা।
আনুমানিক ৬৫ হাজার ইসরায়েলিকে বাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সীমান্তের ওপার থেকে আসা রকেটের কারণে বাসিন্দারা ঘরে ফিরে যেতেও ভয় পাচ্ছেন।