হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করলো মার্কিন যুদ্ধজাহাজ

লোহিত সাগরে ইয়েমেন থেকে হুথিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। বুধবার (১৩ ডিসেম্বর) মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ম্যাসন ড্রোনটি ভূপাতিত করে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছকু মার্কিন কর্মকর্তা বলেছেন, হুথিরা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। তারা দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে। কিন্তু এগুলো জাহাজে আঘাত হানতে সক্ষম হয়নি। জাহাজটিতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি এবং নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিবাদে লোহিত সাগরে নরওয়ের একটি বাণিজ্যিক ট্যাংকারে হুথিদের হামলার দাবির পর এই ঘটনা ঘটলো। এসব হামলার ঘটনায় হামাস-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লোহিত সাগরে তাদের সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ এসএআর-৬ ক্লাস কর্ভেট মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্র হুথি বিদ্রোহীদের সতর্ক করে বলছে, জাতিসংঘের তত্ত্বাবধানে সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের যে শান্তি পরিকল্পনা করা হয়েছে তা ভেস্তে যাবে যদি হুথিরা তাদের হামলা অব্যাহত রাখে।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েল অভিমুখে লোহিত সাগর দিয়ে কোনও পণ্যবাহী জাহাজ যেতে পারবে না বলে হুমকি দিয়েছে হুথিরা। গোষ্ঠীটির সর্বোচ্চ বিপ্লবী বাহিনীর শীর্ষ কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথি এ হুমকি দেন।