ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের সহিংসতা বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ১৪টি দেশ। অবিলম্বে পশ্চিম তীরে সহিংসতা বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ সরকার কর্তৃক প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থি সেটেলারদের ক্রমবর্ধমান সহিংসতা অগ্রহণযোগ্য। ফিলিস্তিনি সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বৃহস্পতিবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, ফিলিস্তিনিদের ওপর সেটেলার সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। ইইউও এমন পরিকল্পনার কথা বিবেচনা করছে।
ইইউ ছাড়া যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ব্রিটেন।
বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সুরক্ষা ও চরমপন্থি সেটেলারদের বিচারে ব্যর্থতায় প্রায় দায়মুক্তির পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে সেটেলার সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছে গেছে। যা পশ্চিম তীর ও অঞ্চলটির নিরাপত্তা ক্ষুণ্ন করছে এবং টেকসই শান্তির সম্ভাবনাকে হুমকিতে ফেলছে।
দেশগুলো উল্লেখ করেছে, অক্টোবরের শুরু থেকে সেটেলাররা ৩৪৩টি সহিংস আক্রমণ চালিয়েছে। এতে ৮ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ৮৩ জনের বেশি। সহস্রাধিক ফিলিস্তিনি তাদের বাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন।