ইয়েমেনে কোনও ধরনের বিদেশি হামলার চেষ্টা হলে তার জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের আঞ্চলিক সহযোগী হুথি বাহিনী জানিয়েছে, তারা ফিলিস্তিনের অধিকারের লড়াইয়ে কোনও পশ্চিমা বা মার্কিন চাপ এবং হুমকির কাছে হার মানবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এমন জাহাজকে লক্ষ্যবস্তু করছে লোহিত সাগরে।
হুথিদের আনসারুল্লাহ পলিটব্যুরো সদস্য আলী আল-কহুম বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা অন্য কোনও পশ্চিমা শক্তির সামরিক পদক্ষেপ প্রতিহত করতে সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রস্তুত আছে তারা।
লেবাননভিত্তিক আল- মায়াদিন টিভির সঙ্গে গত শুক্রবার এক সাক্ষাৎকারে আল-কহুম বলেন, কোনও হুমকির মুখে আমরা ফিলিস্তিনের অধিকার আদায়ের লড়াই থেকে সরে যাব না। পাশাপাশি ইসরায়েলে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন এই হুথি নেতা।
ইসরায়েলের তেল আবিবে সাংবাদিকদের সঙ্গে আলাপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, হুথি বাহিনী হামলা চালাচ্ছে ঠিকই, তবে এর পেছনে রয়েছে ইরান। দেশটির হুথিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। তিনি বলেন, জ্বালানি এবং পণ্যবাহী জাহাজ চলাচলের অন্যতম পথ লোহিত সাগর। এই পথে নিরাপদে জাহাজ চলাচলকে হুমকিতে ফেলেছে হুথি বিদ্রোহীরা।
বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ লোহিত সাগর এলাকা দিয়ে। এই পথেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরের পণ্য ও জ্বালানি সরবারহ হয়।
লোহিত সাগরে পণ্য ও জ্বালানিবাহী জাহাজে অব্যাহত হামলার প্রেক্ষাপটে নৌপথে পণ্য সরবরাহকারী বিশ্বের অন্যতম বড় দুটি প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে লোহিত সাগরে এসব বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুথি গোষ্ঠী। তারা বেশ কয়েকটি জাহাজ জব্দ করার চেষ্টাও করেছে ইতিমধ্যে। এর মধ্যে গত নভেম্বরে একটি জাহাজ নিজেদের কব্জায় নেয় হুথিযোদ্ধারা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে হুথি বিদ্রোহীরা বলেছে, গাজায় ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশ করতে না দিলে, তবে তারাও দেশটিতে জাহাজ যেতে দেবে না।
হুথিযোদ্ধাদের হামলা প্রতিহতে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের যুদ্ধজাহাজ টহল দিচ্ছে। তারা ইতিমধ্যে হুথিদের ছোড়া বেশকয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।