দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১৮ ডিসেম্বর) একটি ইসরায়েলি টিলিভিশন এই তথ্য প্রচার করেছে। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।
রবিবার সরকারি কেএএন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের ইয়ারুন অঞ্চল থেকে ইসরায়েলের দিকে অ্যান্টি-ট্যাঙ্ক রকেট উৎক্ষেপণের চেষ্টাকারী একটি দলকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলের একটি যুদ্ধবিমান।
গত শনিবার সীমান্তে আটটি ইসরায়েলি সামরিক পয়েন্টকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল হিজবুল্লাহ।
২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ হওয়ার পর থেকে প্রায়ই গুলি বিনিময় করে আসছে উভয় পক্ষ। ফলে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হিজবুল্লাহ প্রকাশিত পরিসংখ্যান অনুসারে,সম্প্রতি ৮ অক্টোবর উভয় পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০৯ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। এই উত্তেজনা লেবানন-ইসরায়েল সীমান্তেও ছড়িয়ে পড়েছে