লোহিত সাগরে হুথিদের ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে চারটি ড্রোন ভূপাতিত করেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। শনিবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে এসব ড্রোন উড্ডয়ন করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সেন্টকম লিখেছে, ১৭ অক্টোবরের পর হতে এখন পর্যন্ত এটি ছিল বাণিজ্যিক নৌপথে হুথিদের ১৪ ও ১৫তম হামলা।

ইরান সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড।  লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে তারা। তাদের দাবি, গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে এসব হামলা চালানো হচ্ছে। ফলে বাধ্য হয়ে নির্দিষ্ট গন্তব্যের দিকে না যেয়ে গতিপথ পরিবর্তন করে আফ্রিকার দক্ষিণে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে জাহাজগুলোকে।

সেন্টকম জানিয়েছে, দুটি জাহাজ হামলার শিকার হওয়ার কথা জানিয়ে সহযোগিতার আবেদন জানালে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড সাড়া দেয়।

হুথিদের দুটি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক নৌপথ লক্ষ্য করে ছোড়া হয়েছে। এতে কোনও জাহাজে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।  

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হুথিদের অভিযানের পরিকল্পনায় ইরান ‘প্রত্যক্ষভাবে জড়িত’ ছিল এবং জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে বিদ্রোহীদেরকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।