সিরিয়ায় তুরস্কের বিমান হামলায় সোমবার (২৫ ডিসেম্বর) আট বেসামরিক নিহত হয়েছে। দুটি পৃথক হামলার জবাবে সিরিয়ায় ওই হামলা চালিয়েছিল তুরস্ক। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
এর আগে নিহতের সংখ্যা ছয়জন জানানো হয়েছিল। সংশোধনের পর এ সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।
উত্তর ইরাকে তুরস্কের ঘাঁটিতে দুটি পৃথক হামলার জবাবে শনিবার (২৩ ডিসেম্বর) বিমান হামলা শুরু করার ঘোষণা দিয়েছিল তুরস্ক। ওই হামলায় ১২ তুর্কি সেনা নিহত হয়েছিল। এর জন্য সিরিয়ার কুর্দি জঙ্গিদের দায়ী করেছিল আঙ্কারা।
সিরিয়ার অভ্যন্তরের একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটেন ভিত্তিক এই মনিটর সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন তুর্কি সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় কামিশলি শহরে একটি মুদ্রণ কোম্পানির কর্মচারী।
সিরিয়ার কুর্দি বার্তা সংস্থা এএনএইচএও আটজনের মৃত্যুর খবর জানিয়েছে।
এই অঞ্চলের মনিটর এবং এএফপি সংবাদদাতারা জানিয়েছেন, প্রাথমিকভাবে আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের কামিশলি এলাকায় ২০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।