ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিয়ে নিজেদের অবস্থান কাতার ও মিসরের কাছে তুলে ধরা হয়েছে। প্রতিরোধ গোষ্ঠীর শর্ত না মানলে কোনও জিম্মিকে মুক্তি দেওয়া হবে না। মঙ্গলবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইসমাইল হানিয়েহ বলেছেন, একক ফিলিস্তিনি প্রশাসনের অধীনে অবরুদ্ধ গাজা ও দখলকৃত পশ্চিম তীর পরিচালনার প্রস্তাবে মেনে নিতে রাজি আছেন তিনি।
তিনি বলেছেন, ফিলিস্তিনের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আমরা অসংখ্য প্রস্তাব পাচ্ছি। পশ্চিম তীর ও গাজাকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবে আমাদের সম্মতি আছে।
টেলিভিশনে প্রচারিত ভাষণে হানিয়েহ বলেছেন, হামাসের শর্তের অধীনে কেবল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে।
তিনি বলেন, শত্রু জিম্মিদের কেবল প্রতিরোধ গোষ্ঠীর শর্ত মানলেই মুক্তি দেওয়া হবে।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৮৮তম দিন আজ। চলমান আগ্রাসনে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২২ হাজার ১৮৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫৭ হাজার ৩৫ জন আহত হয়েছেন। গাজার শহর, নগর ও শরণার্থী শিবিরে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা।