হামাস নেতা হত্যা: প্রতিশোধ মোকাবিলায় প্রস্তুত ইসরায়েল

প্রতিশোধ মোকাবিলায় ইসরায়েল সম্পূর্ণরূপে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি। লেবাননের বৈরুতে হামাসের শীর্ষ কর্মকর্তা সালেহ আল-আরৌরি হত্যার প্রতিশোধ নিতে হামাস ও হিজবুল্লাহর দেওয়া হুমকির পর এমন মন্তব্য করেছেন তিনি। বুধবার (৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, আল-আরৌরিকে ড্রোন হামলায় হত্যার পর যেকোনও মুহূর্তে যেকোনও ধরনের হামলা মোকাবিলা করার জন্য উচ্চ সতর্কতায় রয়েছে ইসরায়েল।

ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘আমরা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি।’

হামাসের সর্বোচ্চ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহর ডেপুটি ছিলেন আল-আরৌরি। তিনি ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে হামাসের উপস্থিতির নেতৃত্ব দিয়েছিলেন। হিজবুল্লার সঙ্গে হামাসের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

এর আগে, ২০১৫ সালে তাকে একজন ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তার সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিল মার্কিন সরকার।

এই অঞ্চলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সফরের এক সপ্তাহ আগে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। যুক্তরাষ্ট্র বারবার হিজবুল্লাহ এবং তার আঞ্চলিক সমর্থক ইরানকে সহিংসতা না বাড়ানোর জন্য সতর্ক করে আসছে।