ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ’র হামলা

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে শনিবার (৬ জানুয়ারি) রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, বৈরুতে হামাসের ডেপুটি লিডারকে হত্যার প্রতিক্রিয়ায় এ হামলা করা হয়েছে।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়,  উত্তর ইসরায়েলের মেরোনে লেবানন থেকে ৬০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি,  এ হামলার প্রতিক্রিয়ায় হামলাকারীদের একটি ছোট ‘সন্ত্রাসী গ্রুপকে’ আক্রমণ করেছে ইসরায়েল সেনারা।

তবে তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।