অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৪২ স্কুল বিধ্বস্ত হয়েছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় চার লাখ ৭০০ শিক্ষার্থী পড়াশোনা থেকে ছিটকে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
জাতিসংঘের সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে খান ইউনিস শরণার্থী শিবিরের পাশাপাশি উত্তর গাজায় সবচেয়ে বেশি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলেই প্রায় ৭৪ শতাংশ স্কুলের ক্ষতি হয়েছে।
তাছাড়া জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) এক বিবৃতিতে বলেছে, প্রায় ৯০ শতাংশ স্কুল ভবনে অভ্যন্তরীণভাবে উচ্ছেদকৃত জনগোষ্ঠী আশ্রয় নিয়েছেন।
প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ৯২তম দিন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য মতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২২ হাজার ৭২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৮ হাজার ১৬৬ জন।
অপর দিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।