লোহিত সাগরে হামলা সৌদি আরবের সঙ্গে সম্পর্কের জন্য হুমকি নয়: হুথি

ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহী গোষ্ঠী বলেছে, লোহিত সাগরে নৌযানে তাদের হামলায় সৌদি আরবের সঙ্গে শান্তি আলোচনাকে হুমকিতে ফেলবে না। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গোষ্ঠীটির পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা করছে হুথিরা। এমন পরিস্থিতিতে বিশ্বের কয়েকটি জাহাজ কোম্পানি সুয়েজ খাল দিয়ে নৌ চলাচল এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবের সঙ্গে শান্তি আলোচনায় হুথি গোষ্ঠীর শীর্ষ আলোচক মোহাম্মেদ আবদুলসালাম বলেছেন, ওমান ও জাতিসংঘের মধ্যস্থতায় রিয়াদের সঙ্গে চলমান শান্তি আলোচনা প্রক্রিয়ার ওপর লোহিত সাগরে হামলার কোনও প্রভাব থাকবে না।

তিনি বলেন, গাজা উপত্যকায় যা ঘটছে সেটির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। যদি না এই অঞ্চলে ইসরায়েলকে রক্ষায় অপর কোনও দেশকে যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের উপসাগরীয় ও আরব মিত্র দেশের মধ্যে রয়েছে সৌদি আরব। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য দেশটি ওয়াশিংটনকে চাপ দিয়ে আসছে। রিয়াদ বলে আসছে, গাজা উপত্যকার বাইরে সংঘাতের ছড়িয়ে পড়া ঠেকানোর একমাত্র পথ হলো যুদ্ধ বন্ধ করা। ওয়াশিংটন ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছে।

আবদুলাসালাম বলেন, গাজা উপত্যকায় ১০০ দিনের বেশি সময় ধরে অবরোধ ও হামলা চালিয়ে যাওয়ার অনুমোদন যারা দিচ্ছে তারাই মধ্যপ্রাচ্যকে বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেছেন, যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছে হুথি।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লোহিত সাগরে জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলার নিন্দা ও অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ ১১টি দেশ, বিপক্ষে শূন্য এবং চারটি দেশের অনুপস্থিতিতে খসড়া প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।